সারা বাংলা

সিএমপির নতুন কমিশনার শওকত আলী

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে। 

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। হাসান মো. শওকত আলী সিএমপির বর্তমান কমিশনার হাসিব আজিজের স্থলাভিষিক্ত হবেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

সরকারি আদেশে বলা হয়েছে, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে উন্নীত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। তিনি সেখানে নতুন দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে বিশেষ শাখা ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।