তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভোটের কালির দাগ আঙ্গুল থেকে উঠার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু করার মাধ্যমে প্রমাণিত হয়েছে, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। প্রতিশ্রুতি যা করে, তা বাস্তবায়ন করে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের সিংড়ার খালের কাজলকোঠা বিল থেকে বাদে কলমোহনা পর্যন্ত (৫ দশমিক ৮ কিলোমিটার) খাল খনন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় খনন শুরু হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, যে সব প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তা একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। তার মধ্যে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। কৃষক কার্ড শুরু হবে অচিরেই। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যে ভাতা, সেটা পর্যায়ক্রমে শুরু করা হচ্ছে এবং পাইলট প্রকল্প চলমান।
এর আগে প্রতিমন্ত্রী খাল খননের নামফলক উন্মোচন করেন এবং খালপাড়ে বৃক্ষরোপণ করেন। খালে ৫ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় অতিথিরা কোদাল দিয়ে মাটি কাটেন।
খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।