সারা বাংলা

গাজীপুরে জবাইকালে ৯টি ঘোড়া উদ্ধার, গ্রেপ্তার ৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া গজারি বনে রাতের আঁধারে নয়টি ঘোড়া নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ঘোড়া জবাই ও ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করে। এ সময় নয়টি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়েছে। পরে এলাকাবাসী তাদের পুলিশে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযানে ঘোড়াভর্তি ট্রাক এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জ থানার বাসিন্দা আবুল হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলাম (৪৫) ও টঙ্গী চেরাগআলী এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন  (৪১)।

স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে ফুলবাড়িয়া এলাকায় গজারি বনের ভেতর ঘোড়াগুলো নিয়ে যেতে দেখেন স্থানীয়রা। এ সময় তাদের পথ অনুসরণ করে বনে প্রবেশ করলে জবাই করা ঘোড়ার দেহের বিভিন্ন অংশ দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জীবিত নয়টি ঘোড়াসহ জড়িতদের গ্রেপ্তার করে।

কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহনান জানান, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী ঘোড়া জবাই করে মাংস বিক্রি করছে। এটি পুরোপুরি অবৈধ এবং আইনত অপরাধ।