‘রাষ্ট্রের সহায়তার প্যাকেটগুলো কোথায় যাচ্ছে?—এ প্রশ্ন এখন জনগণের। বিএনপি কি অসহায় দুস্থদের দল? সব অসহায়-দুস্থ কি শুধু বিএনপিতেই আছে? সরকারের দান-অনুদান কোথায় যাচ্ছে, তা আমরা জানতে চাই?’
বুধবার (১৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন।
তিনি আরো বলেন, “আগে আমরা দান-অনুদান সম্পর্কে তেমন জানতাম না। এখন আমরা দেশের ইতিহাসে অন্যতম বড় বিরোধী দল। তাই আগে যেভাবে বিষয়গুলো সামাল দেওয়া হতো, এখন তা সহজে সম্ভব হচ্ছে না।”
দান-অনুদান বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এমপিরা সকল দলের নেতাদের নিয়ে দান-অনুদান বণ্টন করছেন। কিন্তু এখানে আপনারা কাদের নিয়ে বণ্টন করছেন—আমরা তা জানতে চাই। আজ আমরা যে সহায়তা দিচ্ছি, তা আমাদের নেতাকর্মীদের টাকায়। আর আপনারা যা বণ্টন করছেন, তা রাষ্ট্রের টাকায়। এই সহায়তা সবার মাঝে সমানভাবে পৌঁছাতে হবে। কে ধানের শীষে ভোট দিয়েছে, আর কে দাঁড়িপাল্লায়—সেটা আমরা বিবেচনায় আনতে চাই না।”
তিনি আরও বলেন, “জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়ন করতে হবে। যারা ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করেন, তারা জনগণের অবস্থানের বিপক্ষে।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “যে দল ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিতর্ক করছে, তাদেরই সূচনা হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে এবং তারা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু সেই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে।”
জামায়াত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রমজান মাস উপলক্ষে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আয়োজকরা।
অনুষ্ঠানে শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ এবং শ্রমিক কল্যাণ শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিরনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সদর উন্নয়ন ফাউন্ডেশন সূত্র জানায়, পবিত্র রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে প্রায় ৫০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে।