সারা বাংলা

ঈদকে ঘিরে গরু জবাই নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৫

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরু জবাই ও মাংস বণ্টনকে কেন্দ্র করে নেত্রকোণার মদনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

তারা হলেন- পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) ও জানে আলম (৩০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে গ্রামে গরু জবাই করে মাংস ভাগাভাগির উদ্যোগ নেওয়া হয়। বুধবার গরু কেনার পর জবাই ও মাংস বণ্টনকে কেন্দ্র করে বজলু মিয়া ও মাজু মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

মদন থানার ওসি দেবাংশু কুমার দে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”