সারা বাংলা

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: সহকারী স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রা‌তে বিষয়‌টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ের স্টেশন মাস্টার খাদিজা খাতুন। এর আগে, দুপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীদের অনেকে আহত হয়েছেন।

বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের পাঁচ জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে এক‌টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ব‌গিগু‌লো উদ্ধারে কাজ চালাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে রেললাইন মেরামত কাজ চলছিল। লাল পতাকা টানানো ছিল। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা পালিয়ে গেছেন।

সান্তাহার জংশন স্টেশনের অধীনে দায়িত্বে থাকা ওয়েম্যান সোহেল বলেন, “রেললাইন ভেঙে যাওয়ায় মেরামত কাজ হচ্ছিল। কন্ট্রোল রুমে সিগন্যাল ও লাল পতাকা টানানো ছিল। সবকিছু উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়েছে।”

সান্তাহ‌ার স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, “দুর্ঘটনা কীভাবে হলো সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ চালক পলাতক। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”