সারা বাংলা

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: ৩ বগি উদ্ধার বাকি, দুপুরে স্বাভাবিক হতে পারে লাইন

ঈদে ঘরে ফেরা মানুষদের নিয়ে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের অদূরে বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে এখন পর্যন্ত (সকাল ১০টা) ৬টি বগি উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেলের স্লিপারগুলোও পরিবর্তন করা হচ্ছে। দুপুরের মধ্যেই বাকি তিনটি বগি উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু। তিনি বলেন, ট্রেনটি দুর্ঘটনায় পতিত হওয়ার পর থেকেই আমরা আপ্রাণ চেষ্টা করছি উদ্ধারে। ইশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটো উদ্ধাকারী ট্রেন গতকাল রাত থেকে এক নাগারে কাজ করে যাচ্ছে।  এছাড়া আশপাশের যতগুলো স্টেশন আছে সব স্টেশন থেকেই টিম গিয়ে সেখানে কাজ করছে। লাইনের স্লিপারগুলোও পরিবর্তন করা হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত ৬টি বগি উদ্ধার করা হয়েছে। বাকি ৩টি বগি উদ্ধারসহ দুপুর ২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

এই রুটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ঈদযাত্রাতে মানুষ যেন বাড়িতে যেতে পারে এজন্য বিকল্প পদ্ধতি নেওয়া হয়েছে। ঢাকা থেকে আসা যাত্রীরা সান্তাহার জংশনে নেমে ছাতিয়ানগ্রাম স্টেশনে আসবে। সেখানে ট্রেন বিরতির ব্যবস্থা করা হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ছাতিয়ানগ্রাম গিয়ে স্টপেজ দিলে যাত্রীরা নেমে আবার সান্তাহার গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একতা এক্সপ্রেস ট্রেনে চড়বেন। ওই ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস নামে ঢাকা অভিমুখে যাত্রা করবে। আর ছাতিয়ানগ্রাম গিয়ে দাঁড়ানো ট্রেনটি একতা এক্সপ্রেস নামে পঞ্চগড় অভিমুখে যাত্রা করবে। এছাড়া বরেন্দ্র এক্সপ্রেসে আসা যাত্রীরাও ওই ট্রেনে উঠবেন।

স্টেশন মাস্টার জানান, নীল সাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরাও একইভাবে বিকল্প পদ্ধতিতে গত রাতেই তাদের গন্তব্যে ফিরে গেছে।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুর সোয়া ২টায় বাগবাড়ী এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ট্রেনটির ছাদে থাকা যাত্রীদের অনেকে নিচে পড়ে যায় আবার অনেক লাফিয়ে পড়ে আহত হন। বগিগুলো লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া উত্তরবঙ্গের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ঢাকা-রংপুর-লালমনিটরহাট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমা‌নে ইশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থ‌লে ব‌গিগু‌লোর উদ্ধা‌র কাজ চালা‌চ্ছে।