ঈদে ঘরমুখো মানুষের চাপ, সড়কের অব্যবস্থাপনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (১৮ মার্চ) রাতে থেমে থেমে বৃষ্টি হয় কালিয়াকৈরে। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। ফলে যানবাহনের গতি কমে যায়। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া, চন্দ্রা থেকে নবীনগর সড়কের জিরানী বাজার পর্যন্ত ৫ থেকে ৭ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে।
যাত্রীদের অভিযোগ, কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে। যাদের নির্দিষ্ট বাস ছিল না, এমন অনেক যাত্রী ট্রাক বা পিকআপ থেকে নেমে কিছু দূর হেঁটে, কিছু দূর গাড়িতে করে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
লেবিনা খাতুন নামে এক যাত্রী বলেন, গতকাল রওনা হওয়ার কথা ছিল কিন্তু বিকেলে বৃষ্টি শুরু হওয়ায় বের হইনি৷ আজ সকালে বের হয়েছি, ভেবেছিলাম যানজট হবে না৷ তবে আমার ধারণা ভুল, পুরো রাস্তায় যানজট।
ইসরাফিল নামে এক যাত্রী বলেন, “বৃষ্টির কারণেই যানজট লেগেছে। বিকেলের মধ্যে যানজট হয়তো কমে আসবে৷ এখন ১০ মিনিটের পথ পাড়ি দিতে দেড় থেকে দুই ঘণ্টা লাগছে।”
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “রাত থেকেই আমরা যানজট নিরসনে কাজ করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল পর্যন্ত চাপ বেশি থাকলেও এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।”