সারা বাংলা

বগুড়ায় ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টা চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। সারা রাত ধরে অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলা হয়।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ এখনো চলমান রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সাময়িকভাবে লাইন চালু করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ট্রেনকে ধীরগতিতে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন এই কর্মকর্তা।