ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার পর থেকে যানবাহনের চাপ কমতে শুরু করে। বিকেলের পর যারা বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন, তারা অনেকটাই নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছেন।
এর আগে, বুধবার রাত ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়।
সরেজমিন মহাসড়কের নগরজালফৈ, রাবনা রসুলপুর ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়েও কম। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।
মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ নেই। সকালে ঢাকা যাওয়ার সময় খুব যানজট দেখেছিলাম। তবে, আসার সময় কোনো যানজটই পাইনি।”
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, “মহাসড়কে গাড়ির তেমন চাপ নেই। শেষ মুহূর্তে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।”