সারা বাংলা

ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুর গার্ডারে ধাক্কা, যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী একটি শাটল ট্রেনের ছাদে ওই যুবকসহ কয়েকজন যাত্রী ছিলেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি কালিকাপুর রেলওয়ে সেতু পার হওয়ার সময় ছাদে থাকা ওই যুবক সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হয়ে ট্রেনের ছাদেই তার মৃত্যু হয়। পরে ট্রেনটি কালুখালী স্টেশনে পৌঁছালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন বলেন, “খবর পেয়ে কালুখালী স্টেশনে এসে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।”