চট্টগ্রাম নগরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে। এখানে ২০ থেকে ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, ঈদ জামাত আয়োজনের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আজ শুক্রবার (২০ মার্চ) জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে গত সাত দিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।
মেয়র জানান, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সম্ভাব্য বৃষ্টির কথা বিবেচনায় রেখে প্যান্ডেলের উপরে ত্রিপল স্থাপন করা হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়াতেও জামাত অনুষ্ঠিত হতে পারে।
তিনি আরো জানান, ময়দানে প্রায় ২৫০টি পাখা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং ৫০টি মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের সহজ যাতায়াত নিশ্চিত করতে তিনটি প্রধান গেট খোলা রাখা হবে। পাশাপাশি পেছনের গেটটিও ব্যবহারের উপযোগী করা হচ্ছে, যাতে ভিড় ও হুড়োহুড়ি এড়ানো যায়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানান মেয়র।
আগামীকাল শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।