ময়মনসিংহের ভালুকা উপজেলয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে। পরে বাসটি রাস্তার পাশের পিলারে ধাক্কা খেয়েছে। এতে নারীসহ দুইজন নিহত হয়েছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
নিহতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার কাশীগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তারা বাসের যাত্রী ছিলেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান দুর্ঘটনার তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়িগামী একটি বাস ভরাডোবা এলাকা ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা, একটি ব্যাটারি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পিলারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মুশি আক্তার মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক বৃদ্ধের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।