ঈদের দিন সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার জিষ্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
নিহত শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।
প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। এ সময় বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শরীফুল ইসলাম মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও কর্মকর্তাদের মধ্যে শোক নেমে এসেছে।