সারা বাংলা

ঈদের দিনে রাউন্ডে আসেননি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঈদের দিনে রাউন্ডে আসেননি বলে অভিযোগ করেছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনেরা।

শনিবার (২১ মার্চ) হাসপাতালে গেলে এমন অভিযোগ পাওয়া যায়।

স্বজনদের অভিযোগ, সাধারণত সকাল ৯টা থেকে ১০টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ওয়ার্ডে ভর্তি রোগীদের দেখতে আসেন। কিন্তু, শনিবার সারা দিন শিশু ওয়ার্ডের চিকিৎসক রাউন্ডে আসেননি।

জুয়েল নামে এক রোগীর স্বজন বলেন, “ঈদের দিন সকালে হাসপাতালে এসেছি। এখন সন্ধ্যা (এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে) হয়ে গেছে; ডাক্তার দেখাতে পারিনি।”

মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছেন লুবনা আক্তার নামে এক নারী। তিনি বলেন, “মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে এলাম। কিন্তু ডাক্তার নেই। বারবার বলার পরেও কেউ আসেনি।”

অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জয়ন্ত সাহা বলেন, “ঈদের ছুটি চলায় চিকিৎসকের সংকট রয়েছে সত্যি। তবে, সব ওয়ার্ডেই চিকিৎসক রয়েছেন। শিশু ওয়ার্ডে একজন দায়িত্বপ্রাপ্ত আছেন। তার সঙ্গে কথা বলব। অবশ্যই যেন রাউন্ডে যান।”

এ সময় শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের নাম জানতে চাইলেও বলেননি ডা. জয়ন্ত সাহা।

তবে, অভিযোগের বিষয় নাকচ করেছেন হাসপাতালের পরিচালক ডা. ফিরোজ জামান জুয়েল। তিনি বলেন, “প্রতিটি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক রয়েছেন। কেউ চিকিৎসকের দেখা না পাওয়ার সুযোগ নেই।”