জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে গেছে। এ ঘটনায় নিখোঁজ ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো কয়েকজন।
শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।
স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুর উপর ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভাসমান সেতুটি ভেঙে যায়। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ৪ শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।