সারা বাংলা

পিকআপটি খাদে পড়েছিল, স্থানীয়রা সকালে দেখে ৪ লাশ উদ্ধার 

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন, পিকআপ চালক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি আছমার স্বামী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। স্থানটি ফাঁকা হওয়ায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি জানতে পারেনি। পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে পিকআপটি উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে চারজনের লাশ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অপর পুরুষ ব্যক্তি আছমার স্বামী কি-না তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।