সারা বাংলা

মন্ত্রীকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করেছেন।

রবিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মনিরুল হক রেলমন্ত্রীকে ফোন করেন। পরে কথোপকথনের একটি ভিডিও মনিরুল হকের চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। পুরো কথোপকথনের সময়জুড়ে কান্না করতে দেখা গেছে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে।

ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য কান্না করতে করতে বলেন, “পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন কিছু নয়। গত ১০০ বছর এ ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের রেল সচিবের কাছে সব কাগজপত্র আছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান, এই কাজটি কমপ্লিট করতে পারিনি।”

এ সময় অপর প্রান্ত থেকে মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, “আপনি সেদিনও বলেছেন, সেদিনও বলেছেন।”

সঙ্গে সঙ্গে মনিরুল হক চৌধুরী বলেন, “আপনি একটু গিয়ে দেখুন। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কাল রাতে। ডাক্তার দেখানো হলে আমি কাল রাতেই ফ্লাইট ধরার চেষ্টা করব। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি ভাই রবিউল, এই পদুয়ার বাজার রেলওয়ে ব্যারিকেড... আমি শান্তি পাব জীবনে। আমি কাউকে নিতে পারি নাই, আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম। আপনি একটু দেখে আসেন।”

এ সময় মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, “আমি যাচ্ছি রওনা দিয়ে। আমি যা করার করব।”

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, “আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন।”