সারা বাংলা

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে গুরুতর দগ্ধ মো. জাকির হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ মার্চ) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ। 

তিনি জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই ঘটনায় দগ্ধ রবিউল ইসলাম নামে আরও একজন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জাকির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী গ্রামের বাসিন্দা মো. মকবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় কসমেটিকসের ব্যবসা পরিচালনা করতেন।

এর আগে গত ১১ মার্চ রাতে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার একটি বহুতল ভবনের সামনে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুনের ফুলকি ছিটকে ভবনের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে ইয়াসিন নামে একজন গত ১৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়দের অভিযোগ, ট্রান্সফরমারের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।