সারা বাংলা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ঘাগরি শাহী ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) ও একই গ্রামের আক্কেল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে তাহিরপুর উপজেলার পর্যটন স্পট শিমুল বাগানের উদ্দেশে রওনা দেন। ঘাগরি শাহী ঈদগাহ মাঠের পাশে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় মারা যান। গুরুতর আহতাবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”