সারা বাংলা

ঈদের ছুটিতে সাফারি পার্কে জনস্রোত

ঈদের আনন্দ উদযাপন এখন আর শুধু ঘরকেন্দ্রিক নয়। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে বিনোদন স্পট ভ্রমণে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সেজন্যই গাজীপুর সাফারি পার্ক হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। ঈদের দিন সকাল থেকেই এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরদিন রবিবারও এখানে ছিল জনস্রোত। এর প্রমাণ—প্রবেশমুখে দীর্ঘ লাইন, টিকিট কাউন্টারের সামনে মানুষের ভিড়। 

প্রায় ৪ হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কের প্রধান আকর্ষণ ‘কোর সাফারি’। এখানে বাঘ, সিংহ, ভালুকসহ নানা বন্যপ্রাণীকে উন্মুক্ত পরিবেশে বিচরণ করতে দেখা যায়। দর্শনার্থীরা সাফারি বাসে করে খুব কাছ থেকে এই দৃশ্য উপভোগ করার সুযোগ পান, যা সাধারণ চিড়িয়াখানার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলাদা।

তবে, আনন্দের এই আয়োজনে কিছুটা ভোগান্তিও যুক্ত হয়েছে। ঈদের ছুটিতে দর্শনার্থীর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় সাফারি বাসে উঠতে অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ট্রিপ থাকলেও ঈদের সময়ে তা পর্যাপ্ত নয়। ফলে, টিকিট সংগ্রহ থেকে শুরু করে সাফারি বাসে ওঠা—সব ক্ষেত্রেই সময়ক্ষেপণ হচ্ছে।

একজন দর্শনার্থী রাইজিংবিডি ডটকমকে বলেন, “ভিড় একটু বেশি। লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে, ভেতরে ঢোকার পর ভালো লাগে। তাই, কষ্টটা মেনে নেওয়া যায়।”

শুধু কোর সাফারি নয়, পার্কে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, বার্ড অ্যাভিয়ারি, শিশুদের জন্য আলাদা বিনোদন এলাকা এবং খাবারের ব্যবস্থা। পরিবার নিয়ে সারাদিন কাটানোর জন্য এটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবু, দর্শনার্থীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেবার ওপর চাপ তৈরি হচ্ছে, যা সামাল দেওয়া এখন বড় চ্যালেঞ্জ।

প্রকৃতির সান্নিধ্যে বন্যপ্রাণী দেখার অনন্য অভিজ্ঞতা নিতে ঈদের এই ছুটিতে সাফারি পার্কে ভিড় অব্যাহত আছে। কিছু অসুবিধা থাকলেও প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়ই দর্শনার্থীদের কাছে হয়ে উঠছে সবচেয়ে বড় আনন্দ।