সারা বাংলা

ঈদের তৃতীয় দিনে জনসমুদ্র কুয়াকাটা

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গত দুই দিনের তুলনায় দ্বিগুণ বেড়েছে পর্যটকের সংখ্যা। আজ ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে সৈকতের জিরো পয়েন্ট।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে হৈই হুল্লোড়ের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে আবার প্রিয়জনকে নিয়ে ছবি তুলে কিংবা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। শিশুরা মেতেছেন বালু খেলায়।

অনেকে আবার মোটরবাইক, ওয়াটারবাইক ও ঘোড়াসহ বিভিন্ন বাহনে চরে লেম্বুরবন, শুটকি পল্লী এবং গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে শতভাগ হোটেল-মোটেল। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশ।

ঢাকার মিরপুর-১৪ নম্বর থেকে আসা পর্যটক নাহিদ হোসেন বলেন, পরিবার পরিজন নিয়ে আজ সকালে কুয়াকাটায় এসে পৌঁছালাম। এখানে আজ অনেক মানুষ। পরিবেশটা বেশ দারুন লাগছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সমুদ্রের গর্জন।

পাবনা থেকে আসা পর্যটক ইলিয়াস হোসাইন বলেন, আমরা তিন বন্ধু আমাদের পরিবারের সদস্যদের নিয়ে এই প্রথম কুয়াকাটায় ট্যুরে আসলাম। বেশ দারুন এক অনুভূতি হয়েছে। সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে বাচ্চারা। তারা বালু নিয়ে খেলায় মেতেছে। সমুদ্রে জোয়ার শুরু হলে আমরাও গোসলে নামবো।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তায় আমরা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বেশ তৎপর রয়েছি। এছাড়া নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরাও মাঠে কাজ করছে।