সারা বাংলা

সাংবাদিকতা আদর্শিক পেশা: অতিরিক্ত প্রেস সচিব

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, “সাংবাদিকতা একটি আদর্শিক পেশা। কেউ আদর্শের জন্য সাংবাদিকতা করেন, কেউ করেন আয়ের জন্য।”

সোমবার (২৩ মার্চ) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেল-সংলগ্ন হোটেল নাজ গার্ডেনের হল রুমে ‘বগুড়ায় সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সভার আয়োজন করে বগুড়ার ৯০ দশকের সাংবাদিক সমাজ। বগুড়ায় কর্মরত তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সঞ্চালনা করেন ডিবিসির বগুড়া ব্যুরোর ইনচার্জ মোহন আকন্দ।

আতিকুর রহমান রুমন তার সাংবাদিকতা শুরুর সময়ের স্মৃতিচারণ করেন। তরুণ সাংবাদিকদের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “সাংবাদিকতার পেশা সব সময় চ্যালেঞ্জিং। এখন যতটা কঠিন, তার চেয়ে আমাদের শুরুর সময়, এ পেশা আরো কঠিন ছিল। এ পেশায় নানা রকম ঝুঁকি থাকে। তবে, সেগুলো যেভাবে আসে, সেভাবেই সমাধান হয়ে যায়।”

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, “আমাদের বগুড়া প্রেস ক্লাবে অনেককে দেখেছি, মুদি দোকান বা ব্যবসা করেন, এমন ব্যক্তি সদস্য হয়েছেন। এখন এমন ব্যক্তি সদস্য হতে পারবে না।”

সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজন আছে, মন্তব্য করে আতিকুর রহমান রুমন বলেন, “আমাদের আজিজুল হক কলেজে সাংবাদিকতার কোনো বিভাগ নেই। এখানে অনার্স কোর্স চালু করা সম্ভব। প্রধানমন্ত্রীর কাছে আমি বিষয়টি উত্থাপন করব। এর ফলে তরুণরা এ পেশায় দক্ষ হওয়ার সুযোগ পাবে। সাংবাদিকতার ক্ষেত্রে বগুড়ার গুরুত্ব আগে থেকেই আছে। এখানে পিবিআইর শাখা চালু করার দাবি জানানো হয়েছে। আমি ঢাকায় গিয়ে কথা বলব এ বিষয়ে।”

৯০ দশকের সাংবাদিক সমাজের আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। 

তারা সাংবাদিকদের পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়েও আলোচনা করেন তারা। প্রতিবেদনের সুপারিশমালা প্রকাশ করার দাবি জানান বগুড়ার সাংবাদিক নেতারা।

আলোচনা সভায় আমন্ত্রিত আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্মের (গাক) নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত। তারা সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সাংবাদিকতার গুরুত্ব ও এ পেশায় দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

সভায় বগুড়ায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অন্তত ৬০ জন তরুণ-প্রবীণ সাংবাদিক অংশ নেন। 

সাংবাদিকরা দাবি জানান, সংবাদকর্মীদের আর্থিক নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা আজও সুনিশ্চিত করতে পারেনি কেউ। এই পেশার মানোন্নয়নে সাংবাদিকদের এসব সুযোগ-সুবিধা বাস্তবায়ন করতে হবে।