সারা বাংলা

শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ, দুই দিন পর নদীতে মিলল মরদেহ

শ্বশুরবাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহিদ হাসান জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি জাহিদ তার শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যান। ২০ মার্চ সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা।

সোমবার দুপুরে বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি জাহিদের বলে শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “পরিবারে দেওয়া তথ্য অনুযায়ী, জাহিদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নগরবাড়ি নৌ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম বলেন, “এ ঘটনায় জাহিদের স্বজনরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিকভাবে আমরা একটি অপমৃত্যু মামলা দায়ের করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”