সারা বাংলা

ঈদে লঞ্চে নির্ধারিতর চেয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

স্মরণকালের মধ্যে এবারের ঈদে সবচেয়ে কম দুর্ভোগে লঞ্চযাত্রা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। 

সোমবার (২৩ মার্চ) রাতে বরিশাল নৌ-বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

রাজিব আহসান বলেন, “লঞ্চের যে ১০ ভাগ ভাড়া কমানোর কথা, সেই চার্ট লঞ্চে টানানো আছে কিনা সেটি দেখেছি। লঞ্চে ডেকে ও কেবিনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।” 

তিনি বলেন, “আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, তবে যতটুকু সামর্থ্য আছে, পুরোটা উজার করে দিয়ে সৎভাবে কাজ করছি কিনা সেটি দেখবেন।”  

লঞ্চের সামনে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধে বিআইডব্লিউটি-এর কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নৌ প্রতিমন্ত্রী। কোনো জাহাজে যদি ডেকে যাত্রী নেওয়া হয় বা কাউকে টানাহেচড়া করার অভিযোগ ওঠে তাহলে জাহাজ মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

লঞ্চের টার্মিনাল সমস্যার বিষয়ে রাজিব আহসান বলেন, “লঞ্চের পেছনে কোনো লঞ্চ যাতে না ভিড়ে সে বিষয়ে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।” 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।