নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টা দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহিদুল ইসলাম (৫০) ও মনিরুল (২৭)। তারা দুজনেই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাত্রা শুরু করে। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়।
আহতরা হলেন, ইজিবাইক চালক রাব্বি (২২), বাবুল (৩৫), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।