সারা বাংলা

গোপালগঞ্জে পুলিশ সদস্যের বাসায় চুরি, স্বর্ণ-টাকা লুট

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক পুলিশ সদস্যের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির ছাদের টিন কেটে এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী পুলিশ সদস্য হলেন রাজবাড়ী জেলার কালুখালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন মোল্যা।

সোমবার (২৩ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকায় এ চুরির ঘটে।

ভুক্তভোগীর স্ত্রী জানান, গত বৃহস্পতিবার ঈদ উপলক্ষে তিনি শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা পেছন দিক দিয়ে ছাদে উঠে টিন কেটে ঘরে প্রবেশ করে। এরপর দরজা ভেঙে নির্বিঘ্নে লুটপাট চালায়।

তিনি আরো জানান, চোরেরা প্রায় ৯ ভরি ৩ আনা স্বর্ণালংকার, ১২ ভরি ৮ আনা রুপা, নগদ ২৬ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাত ১টা থেকে ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে।

এদিকে কাশিয়ানীতে ধারাবাহিক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশের নিয়মিত টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠছে। নিরাপত্তা জোরদারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আহসান হাবীব দুলাল বলেন, “গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় আমরা আতঙ্কে আছি। রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারছি না। বিশেষ করে নতুন বা ভাড়াটিয়া বাসাগুলো বেশি টার্গেট হচ্ছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং টহল বাড়ানো জরুরি।”

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”