কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা দামের ভারতীয় মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস‘ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করা হয়। এসব মাদকের দাম প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।
এছাড়া, মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সীমান্তবর্তী মুন্সীগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করা হয়। এগুলোর দাম প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।