সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩০) নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। 

দ্বীন ইসলাম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ চালাতেন। এর মাধ্যমে তিনি মাদকসেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ২০-৩০ জনের একটি দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পর তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কসবা থানা পুলিশ কুমিল্লার বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ির পুলিশের সহায়তায় বিকেলে তাকে উদ্ধার করে। পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে দ্বীন ইসলামকে হত্যা করেছে। তারা এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেছেন।

তবে, অভিযোগ অস্বীকার করে মো. আবদুল আওয়াল বলেছেন, “এ ঘটনার সাথে আমি জড়িত নন। একটি চক্র ষড়যন্ত্র করে আমাকে জড়িয়ে অপপ্রচার করছে।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেছেন, “গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” 

তিনি আরো বলেন, “নিহত দ্বীন ইসলামের বিরুদ্ধে কসবা থানাসহ বিভিন্ন থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ প্রায় ১০টি মামলা রয়েছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”