ময়মনসিংহের তারাকান্দায় জ্বালানি তেল মজুত রেখে ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পাম্পটিতে অভিযান চালায়। সেখানে তারা জ্বালানি মজুতের প্রমাণ পান এবং পাম্পটি গ্রহকদের জন্য খুলে দেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে তারাকান্দা দক্ষিণ বাজারের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকায় ভোগান্তি শুরু হয়। মোটরসাইকেল চালক থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টরা তেল না পেয়ে বিপাকে পড়েন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম নাজমুস ছালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুতের প্রমাণ পান তারা। পরে পাম্পটি খুলে দেওয়া হয়। একই সঙ্গে ফিলিং স্টেশন মালিককে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, “জ্বালানি মজুত রেখে ফিলিং স্টেশন বন্ধ করে দেন মালিক। অভিযান চালানো হলে ওই ফিলিং স্টেশনে মজুত করা জ্বালানি পাওয়া যায়। ফিলিং স্টেশন মালিককে দণ্ড না দিয়ে সতর্ক করা হয়েছে।”