ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবু কাশেম পলাতক। তিনি সম্পর্কে নিহতের ফুফাতো ভাই।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কালামের সঙ্গে আবুল কাশেমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে আবুল কালাম সোহাগী বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কাশেম ছুরি নিয়ে রাস্তায় আগে থেকেই ওৎ পেতে ছিলেন।
আবুল কালাম মমরেজপুর গ্রামে ঢুকতেই কাশেম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা আবুল কালামকে গুরুতর অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবুল কালামকে রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মরদরহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ সুত্রধর বলেন, “পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনায় জড়িত কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে। আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”