ফরিদপুরের বোয়ালমারীতে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ডা. গোলাম কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ছোট ভাইয়ের নাম মিন্টু।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনের রেলগেট সংলগ্ন স্থানে হত্যাকাণ্ডটি ঘটে।
অভিযুক্ত ডা. গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি জামানত হারান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। আজ বুধবার সকালে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির ক্ষিপ্ত হয়ে তার নিজের বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
গুরুতর আহত অবস্থায় মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ডা. গোলাম কবিরকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত গোলাম কবিরকে আটক করা হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।