সারা বাংলা

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শয়ন (২৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শয়ন একই ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি জোড়গাছা এলাকায় হাটে ব্যবসা করতেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।

নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন। তিনি বলেন, “শয়ন সারিয়াকান্দির একজন একনিষ্ঠ কর্মী। তার হত্যার খবর আমরা খুবই মর্মাহত। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।”

নিহতের স্বজনেরা জানান, রাতে শয়ন জোড়গাছা পূর্বপাড়ার টগরের স- মিল এলাকায় যান। সেখানে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমিন বলেন, “আমি বগুড়া শহরে বাস করি। ফোনে খবর পেয়ে হাসপাতালে আসছি। এসে দেখি,  শাওনকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। এখানে আসার পর জানতে পেরেছি তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। তার সাথে কারো কোনো দ্বন্দ্ব ছিল কিনা, এমনটাও আমাদের জানা নেই।”

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, নিহতের বুকের নিচে ছুরিকাঘাতের জখম রয়েছে। হাসপাতালর আনার পথেই তিনি মারা গেছেন।

সারিয়াকান্দি থানার তদন্ত (পরিদর্শক) নুর আলম বলেন, “জোড়গাছা এলাকায় ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ পুলিশ খতিয়ে দেখছে।”