কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা তরুণ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নাফ নদীর শূন্য রেখায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “আশ্রয় শিবির থেকে অবৈধভাবে বের হয়ে শহীদুলসহ কয়েকজন রোহিঙ্গা আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকায় নাফ নদীর শূন্য রেখায় মাছ ধরছিল। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।”
তিনি আরো বলেন, “স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”