দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের বাসিন্দা এনামুল হকের অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী। এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এনামুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।
গত সোমবার (২৩ মার্চ) একটি বড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করেন ৬৫ বছর বয়সী এনামুল হক। তিনি চলন্ত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সামনে ভাঙা রেললাইন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কলার মোচার লাল অংশ তুলে ধরে সতর্ক সংকেত দেন। তার এই বিচক্ষণতায় ট্রেনটি সময়মতো থেমে যায় এবং এড়ানো সম্ভব হয় ভয়াবহ দুর্ঘটনা।
সংবর্ধনা অনুষ্ঠানে রেলওয়ের কর্মকর্তারা বলেন, “এনামুল হকের মানবিকতা ও উপস্থিত বুদ্ধি অনুকরণীয় দৃষ্টান্ত। তার মতো সচেতন নাগরিকদের কারণেই বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে এনামুল হককে একটি ক্রেস্ট, সম্মাননা সনদ এবং আর্থিক সম্মানি দেওয়া হয়।