সারা বাংলা

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসপাতালে ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার ওপর হামলা হয়।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো এ তথ্য জানিয়েছেন।

আহত রাসেল কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে একই গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাসকে মারধর করে। আজ শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পান্না বিশ্বাসের লোকজন হাসপাতালে গিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় হাসপাতাল এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

আহত রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, “দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে নিয়ে গেলে পান্না বিশ্বাসের লোক শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস সেখানে গিয়ে আমার ভাইকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা আশঙ্কাজনক।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, “ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগন ব্যবস্থা নেওয়া হবে।”