সারা বাংলা

মুন্সীগঞ্জে পরিযায়ী পাখি শিকার, ৬ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বেড়াতে গিয়ে শখের বসে বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকার করার ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার মাথাভাঙ্গা এলাকায় স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন এবং জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা অপরাধ স্বীকার করলে এবং বয়স বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদণ্ড প্রদান করেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আ.স.ম. হাদিউল ইসলাম ভূঁইয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্য পাঁচজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আবরার উদ্দিন আহমেদ (৭০), হাজী ওসমান আলী (৭৭), মাজহারুল হক কোরেশী (৭০), আব্দুল্লাহ নূর (৭২) ও আরিক আহমেদ (২৭)।

এ সময় শিকার কাজে ব্যবহৃত ৩টি শটগান, ১টি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, সকালে একটি প্রাইভেটকারে ঢাকা থেকে ৬ জন গজারিয়ায় আসেন। সঙ্গে শটগান ও এয়ারগান ছিল। তারা ট্রলারে চরাঞ্চল ও মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পাখি শিকার করেন। সন্ধ্যায় স্থানীয়রা তাদের বিপুল পরিমাণ পাখি শিকার করতে দেখেন এবং মাথাভাঙ্গা গ্রামের ঈদগাহ এলাকায় গতিরোধ করে অবরুদ্ধ করেন। রাত ১টার দিকে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অস্ত্রগুলো থানায় জব্দ করা হয়েছে। লাইসেন্স পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে, এয়ারগান নিষিদ্ধ, তাই এটি জব্দই থাকবে।

শিকার করা পাখিগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।