সারা বাংলা

বগুড়ার মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো সময়োপযোগী ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) সম্ভাব্য স্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই আঞ্চলিক কেন্দ্র বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখো শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তিনি জানান, প্রস্তাবিত কেন্দ্রটিতে একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বর্তমানে রাজশাহী ও রংপুর অঞ্চলের শিক্ষার্থী ও শিক্ষকদের রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম; তিন ক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হয়। নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হলে এসব কার্যক্রম স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা সম্ভব হবে।