সারা বাংলা

গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, উঠোনে পড়ে ছিল কাটা পুরুষাঙ্গ

গাইবান্ধার পলাশবাড়ীতে ববিতা বেগম (২৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির উঠোনে পড়ে ছিল একটি কাটা পুরুষাঙ্গ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার ভাড়াবাড়ি থেকে মরদেহ ও পুরুষাঙ্গ উদ্ধার করা হয়।

ববিতা বেগম সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি হারুন মিয়ার স্ত্রী ছিলেন। ববিতা কিছু দিন ধরে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার-সংলগ্ন পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে ঘরের ভেতর বিছানার ওপর ববিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বাড়ির উঠোনে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখেন তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও কাটা পুরুষাঙ্গ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, কাটা পুরুষাঙ্গটি নিহত ববিতা বেগমের স্বামী হারুনের। হারুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করলে হত্যাসহ সব রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”