নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌরাস্তা থেকে চট্টগ্রাম রুটে যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা হলেও শাহী সার্ভিসের বাসে আদায় করা হচ্ছিল ৫০০ টাকা। শুক্রবার রাতে বিষয়টি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নজরে আনেন। এ অভিযোগের ভিত্তিতে বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই সংশ্লিষ্ট সুপারভাইজারকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. কায়েসুর রহমান সাংবাদিকদের বলেছেন, “গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে আমরা চেক করছি। বাড়তি ভাড়া নেওয়ার সত্যতা পেয়ে জরিমানা করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”