দেশে জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
অভিযানে ধনগাঁও গ্রামের একটি বাড়ি থেকে জারকিন ও বোতলে সংরক্ষিত ৩৫০ লিটার ডিজেল এবং ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গ্রামের জগদ্বীশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)-কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এই শাস্তি দেওয়া হয়। জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে সকালে পৌরসভার জননী ফিলিং স্টেশনে পৃথক অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১৬ জন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন জানান, জনস্বার্থে অবৈধ তেল মজুদ, কালোবাজারি ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।