সারা বাংলা

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদ করায় জরিমানা

গোপালগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে ও বিকালে গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া ও মুকসুদপুর উপজেলা সদর বাজারে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৫০০ লিটার তেল মজুত থাকার প্রমাণ পাওয়ায় মেসার্স গংগা মোটরসের মালিক অর্ণব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোক্তাদের ভোগান্তি বাড়াতে এ ধরনের অবৈধ মজুত দায়ী। এ সব অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলাব্যাপী অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এ সময় সদর বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে রইচ মিয়াকে ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ করায় ব্যবসায়ী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।