সারা বাংলা

নেত্রকোণায় ৩৫০০ লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণার সদর উপজেলার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে হাটখোলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের গুদামঘরে ড্রামে সংরক্ষিত ডিজেলের মজুত পাওয়া গেলে তা জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে আসছিল। পাশাপাশি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই খুচরা পর্যায়ে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগও উঠে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইনে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল হক বকুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু উপায়ে লাভবান হওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”