সারা বাংলা

গৌরনদীতে বাস উল্টে খাদে, প্রাণ গেল নারীর

বরিশালের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

রবিবার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ৪ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।