সারা বাংলা

বিডি ফুড কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড: ১০০০ টন হিমায়িত চিংড়ি ক্ষতির আশঙ্কা

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় অবস্থিত বিডি ফুড কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার টন হিমায়িত চিংড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হয়। বর্তমানে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন জানান, সকাল ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তারা বিডি ফুডের ৩ নম্বর কোল্ড স্টোরেজে আগুনের উপস্থিতি নিশ্চিত হন। সেখানে ২ হাজার টনের বেশি মাছ সংরক্ষিত রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার টন হিমায়িত চিংড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 

তিনি বলেন, ‘‘আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি কোল্ড স্টোরেজের ভেতরের তাপমাত্রা কমানোর জন্য সমন্বিতভাবে কাজ করা হয়েছে। আমরা তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। মাছের কার্টন সরিয়ে আনা হয়েছে। ধোঁয়া অপসারণ করা হয়েছে। ঠাণ্ডার মাত্রা কমানোর চেষ্টা করা হচ্ছে। প্রয়োজন হলে দেওয়াল ভেঙে ফেলার প্রস্তুতিও রয়েছে।’’ 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত করে জানানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোল্ড স্টোরেজে সংরক্ষিত বিপুল পরিমাণ হিমায়িত চিংড়ি ও মাছের বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্ক রয়েছে।