সারা বাংলা

আ.লীগ নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সন্ত্রাসীর গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা শফিকুল ইসলাম আজম (৫০) গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরপুর বাজারে তার তামাক ব্যবসার গোডাউনের অদূরে তাকে গুলি করা হয়। আহত শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজম সন্ধ্যায় সদরপুর বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একজন তাকে পাশে ডেকে নিয়ে কথা বলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা গুলি করে দ্রুত বাজার এলাকা ত্যাগ করে। আজমের চোখে এবং বুকে দুটি গুলি লেগেছে। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে দোকানপাট বন্ধ হয়ে যায়। 

গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।