খাগড়াছড়ির দীঘিনালায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশু আরফান শিহাব (৯) মারা গেছে। রবিবার (২৯ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল শনিবার বিকেলে দীঘিনালা-লংগদু সড়কের বেলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরফান শিহাব এই গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্র জানায়, দীঘিনালা-লংগদু সড়কের বেলছড়ি মাদ্রাসা ও এতিমখানার সামনে রাস্তা পাড় হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে শিশুটির মৃত্যু হয়।
দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার বলেন, “ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”