চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের জমিতে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার চাষকৃত জমি হতে অন্তত ২৫টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) রাতে এ তথ্য জানান ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন।
এর আগে থানা প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, “শয়তানে পাইছে- তাই গাঁজা চাষ করতে গেছি। নিজের ৮-১০ হাত জমিতে গাঁজা গাছগুলো রোপণ করেছি। মূলত ইউটিউব দেখে আমি গাঁজা চাষ করতে উদ্বুদ্ধ হয়েছি।”
ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম বলেন, বিল্লাল হচ্ছেন গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। আমি সঙ্গীয় ফোর্সসহ তার বাসায় গিয়ে তার মালিকানাধীন জমি হতে ২৫টি গাঁজাসহ তাকে আটক করি।
ওসি হেলাল উদ্দিন জানান, বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।