সারা বাংলা

চিত্রা নদীতে নিখোঁজ আরিয়ার সন্ধান মেলেনি দু’দিনেও

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে আব্দুল্লাহ শেখের মেয়ে আরিয়ার (৭) সন্ধান মেলেনি দুইদিন পার হলেও।

রবিবার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্ষন্ত খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল চিত্রা নদীতে অভিযান চালিয়েও আরিয়ার সন্ধান পায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ মার্চ) সকালে মহিষখোলা গ্রামে নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আরিয়া ও একই গ্রামের শিশু রাফিয়া (৮)। দুপুরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করেন।

নিখোঁজ আরিয়ার সন্ধানে খুলনা কালিয়া সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা রবিবার সকাল ৭টা থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে দিনব্যাপী উদ্ধার অভিযান চললেও আরিয়ার কোনো সন্ধান পায়নি তারা।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার শামসুজ্জামান সোমবার (৩০ মার্চ) সকালে বলেন, রবিবার সকাল ৭টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্ষন্ত অভিযান পরিচালনা করে শিশু আরিয়ার সন্ধান পায়নি। তবে রাতে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়।