সারা বাংলা

‘আমার বাচ্চাটাকে কেন এতিম করল’

“আমার তিন বছরের বাচ্চাটা এতিম হয়ে গেছে। আমার স্বামী হত্যার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই আমি। নির্দোষ মানুষটাকে কেন এভাবে হত্যা করল? যারা মারিছে আমি তাদের ফাঁসি চাই। কেন আমার ছোট বাচ্চাটাকে এতিম করল?”

রবিবার (২৯মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামে নিজ বাড়িতে বসে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিহত নাহিদ সরদারের স্ত্রী আফিয়া বেগম। নিহত নাহিদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাকে হত্যা করা হয়েছে- এমন খবর পেয়ে বাড়িতে ভিড় করেছেন স্বজন ও স্থানীয় লোকজন। শোকে কাতর সবাই। স্ত্রী আফিয়া খাতুন ও মা শিউলি বেগমসহ কয়েকজন নিকটাত্মীয় কাঁদছেন। তিন বছর বয়সী নাহিদের শিশু কন্যাটি ঘুমিয়ে আছে। তাদের চারপাশ ঘিরে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা।

নাহিদ সরদারের মা শিউলি বেগম বলেন, “আমার বাবারে বিনা দুষি মারিছে, আমি এহন সুষ্ঠু বিচার চাই। আমার একটা বাচ্চা, আর কেউ নেই আমার। আমার বাজান কারো সাথে কোনো অপরাধ করে না। আমি আজকে কী করে ঘরের তলে মাথা দিবানিরে বাজান।”

রবিবার দুপুরে ঘাতক ট্রাকটিকে (যশোর-ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারন হাইওয়ে থানা পুলিশ। ট্রাকচালক সুজাত আলী মোল্যাকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৬ যশোর)। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দায় হত্যার দায় স্বীকার করেছেন।

নিহত নাহিদ সরদার তুলারামপুরে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার মধ্যরাতে পাম্পে তেল না দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার পর নাহিদ সরদারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করে ট্রাকচালক সুজাত আলী মোল্যা। 

পাম্পে থাকা সহকর্মী সোহান ইসলাম বলেন, “ম্যানেজার নাহিদ কাকাকে সুজাত আলী বলেছিল, তুই তেল না দিলে, তোকে আজকে গাড়ি চাপা দিয়ে মেরে দেব। তেল না থাকায় তাকে তেল দেওয়া হয়নি। কিন্তু ট্রাক নিয়ে সে পাম্পেই বসে ছিল। রাত আড়াইটার দিক ম্যানেজার বাসার উদ্দেশে রওনা দিলে সুজাতও তার ট্রাক নিয়ে পেছনে যায়। তখন আমাদের কাছে খটকা লাগে। এগিয়ে গিয়ে দেখি, সুজাত আমাদের ম্যানেজারের গাড়ির ওপর দিয়ে গাড়ি চালায় দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে নাহিদ কাকা মারা যায়। রবিবার বিকেলে আসরের নামাজের পর জানাজা শেষে তাকে নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।”